নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসের সামনের সড়ক দুই ঘণ্টা অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সোনাপুর-চরজব্বার সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ১২টি বিভাগের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে শিক্ষার্থীদের একদল প্রতিনিধি রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হকের সঙ্গে দেখা করে ৪ জুলাই উপাচার্য বরাবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিসংবলিত আবেদনের ফলাফল জানতে জানান। এ সময় রেজিস্ট্রার শিক্ষার্থীদের দাবির বিষয়টি ‘উপাচার্যের এবং একাডেমিক কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্তের বিষয়’ জানালে শিক্ষার্থীরা ফিরে এসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সোনাপুর-চরজব্বার (সুবর্ণচর) সড়ক অবরোধ করেন। দুপুর একটা পর্যন্ত এ অবরোধ চলাকালে সড়কের দুই দিকে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হন। শিক্ষার্থীদের অভিযোগ, এমনিতে চলতি শিক্ষাবর্ষে পাঠদান শুরু হয়েছে এক মাস পর। এরপর নানা বন্ধের কারণে সেশনজটের মধ্যে পড়েছেন তাঁরা। নির্ধারিত সিলেবাসের সিকি ভাগও এখনো পড়ানো হয়নি। শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে ঘোষণা না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘উপাচার্য নিজের বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে আমাদের কাছে তথ্য আছে। শিক্ষার্থীদের নিয়ে তাঁর কোনো ভাবনা নেই। এটা খুবই দুঃখজনক। এসব করে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন না। পদত্যাগ করতেই হবে।’ রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, আজ ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।