আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নামধারী দুই দল ছাত্রের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে তল্লাশি চালিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ওই তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে হলে তেমন কিছু না পাওয়া গেলেও ক্যানটিনের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কিরিচ, তিনটি ধামা, একটি রামদা, একটি বড় ছুরি ও বেশ কিছু রডের টুকরা ও পাইপ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে গতকাল সকাল সাড়ে আটটার দিকে ছাত্রলীগ নামধারী ফার্মেসি তৃতীয় বর্ষের ছাত্র আবদুল হামিদ ওরফে বাপ্পির পক্ষের একদল ছাত্র হঠাৎ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে শুরু করে। ছাত্ররা অভিযোগ করেন, ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠা করতে বহিরাগত একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ভাষাশহীদ আবদুস সালাম হলে অবস্থান করছে। তাঁদের প্রতিপক্ষ ফিশারিজ বিভাগের সাইদুজ্জামান ওরফে ইভান তাঁদের সেখানে আশ্রয় দিয়েছেন। ওই সময় হামিদের সমর্থকেরা শহীদ আবদুস সালাম হলে হামলা চালাতে যায়। হলের প্রাধ্যক্ষ ও অন্য কর্মকর্তারা হলের মূল ফটক বন্ধ করে দেওয়ায় হামিদের পক্ষ ভেতরে ঢুকতে পারেনি। তখন তারা হলের দিকে বেশ কিছু ইটপাটকেল নিক্ষেপ করে।উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী পুলিশের সহায়তা চান। সকাল সাড়ে ১০টার দিকে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসে যায়। ১১টার দিকে প্রক্টর জাহাঙ্গীর সরকারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা পুলিশ নিয়ে হলে তল্লাশি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে হলে তল্লাশি চালিয়ে কয়েকটি রড ছাড়া কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পরে ক্যানটিনের পেছনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই ধারালো অস্ত্র ও রডগুলো উদ্ধার করা হয়। বহিরাগত ব্যক্তিদের হলে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাইদুজ্জামান প্রথম আলোকে বলেন, সকালে কোনো কারণ ছাড়াই প্রতিপক্ষ আবদুল হামিদের সমর্থকেরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সালাম হলের ভেতর ঢোকার চেষ্টা করে। অন্যদিকে আবদুল হামিদ দাবি করেন, ছাত্রদলের সমর্থক আরিফ ও ফারুকসহ কয়েকজন ছাত্রলীগের সাইদুজ্জামানের সঙ্গে জোট বেঁধে ক্যাম্পাসে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের আশ্রয় দেন। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান এবং হল তল্লাশির দাবি জানিয়েছিলেন, অন্য কিছু নয়। প্রক্টর জাহাঙ্গীর সরকার দুই পক্ষের উত্তেজনার কথা নিশ্চিত করে বলেন, উপাচার্য ঘটনা জানার পর পুলিশের সহযোগিতায় হল তল্লাশি করেন। পরে ছাত্রদের দুই পক্ষকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনসহ ক্যাম্পাসে অছাত্রের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় দুই পক্ষই ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়িত না হওয়ার অঙ্গীকার করে। সুধারাম (সদর) থানার উপপরিদর্শক মো. সিরাজ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে হলে তল্লাশি চালিয়ে কয়েকটি রড এবং বাইরে ক্যানটিনের পাশে থেকে কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।