নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল সোমবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দি ও ছমিরমুন্সীরহাট বাজারের মধ্যবর্তী নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ অবরোধ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও আজ মঙ্গলবারের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা না পেলে আবার সড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। অবরোধকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেনবাগে বিদ্যুৎ-সংকট চলছে। বর্তমানে দিনে ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ১৮ ঘণ্টার বেশি লোডশেডিং করা হয়। এতে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে সহস্রাধিক ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে কল্যান্দি বাজার এলাকার ফেনী-নোয়াখালী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় ক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুতের দাবিতে স্লোগান দিতে থাকেন। এদিকে কল্যান্দি বাজারে সড়ক অবরোধের খবর ছড়িয়ে পড়ায় ছমিরমুন্সীরহাট এলাকার বিদ্যুতের গ্রাহকেরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরাও ছমিরমুন্সীরহাট বাজারসংলগ্ন মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা ক্ষুব্ধ গ্রাহকদের দখলে চলে যায়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মহসিন হোসেন খান ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের প্রতিনিধি এবং পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) সঙ্গে বৈঠক করেন। পরিদর্শক মহসিন হোসেন জানান, ক্ষুব্ধ গ্রাহকেরা আজ দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা না দিলে বিকেল থেকে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তাঁরা। তিনি আরও জানান, আজ বিদ্যুতের কর্মকর্তা ও এলাকাবাসীর প্রতিনিধিদলকে থানায় ডাকা হয়েছে। এ বৈঠকে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হবে।