নোয়াখালী-ফেনী সড়ক ঘেঁষে ইট-বালু ও কাঠের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-ফেনী মহাসড়কের বিভিন্ন স্থান ইট ও বালুর ব্যবসায়ী এবং করাতকলের মালিকদের দখলে চলে গেছে। এতে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। গত কয়েক বছরে সড়কের পাশে এ ধরনের ব্যবসার প্রবণতা ক্রমশ বাড়তে থাকলেও এ নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোনো তৎপরতা চোখে পড়েনি। ফলে এমন ব্যবসায়ীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মহাসড়কটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সম্প্রতি সরেজমিনে মহাসড়কের নোয়াখালী সীমানা ঘুরে দেখা গেছে, সড়কটির প্রায় প্রতিটি বাজারে এবং বাজারের কাছাকাছি স্থানগুলোতে মূল সড়কের পাশে, কেউ কেউ সড়কের কিনার ঘেঁষে ইট, বালুর ব্যবসা ফেঁদে বসেছেন। এর মধ্যে সেনবাগের সেবারহাট বাজার, ভূঁইয়ার দীঘি, কল্যান্দি বাজার, ছমিরমুন্সীর হাট, বেগমগঞ্জের জমিদারহাট, সেতুভাঙ্গা বাজার, চৌমুহনী হাজীপুর ও চৌমুহনী পূর্ববাজার এলাকায় সড়কের পাশে সবচেয়ে বেশি অবৈধ বালুর ব্যবসা দেখা যায়। এ ছাড়া এসব হাট-বাজার ও এর আশপাশের এলাকায় মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা করাতকলগুলো বড় বড় গাছের গুঁড়ি সড়কের পাশে ফেলে রেখেছে। স্থানীয় বাসিন্দারা জানায়, সড়কের পাশে যত্রতত্র বালু, ইট ও কাঠের গুঁড়ি ফেলে রাখায় এবং প্রতিনিয়ত এসব মালামাল ভ্যানগাড়ি, পিকআপভ্যান ও ট্রাকে ওঠানামার করার কারণে মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের স্বাভাবিক গতিতে বিঘ্ন ঘটে। ঘটে নানা দুর্ঘটনা। মহাসড়ক-সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা জহির উদ্দিন বলেন, মহাসড়কের পাশের যে খালি জায়গাটি দিয়ে পথচারীরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা হাঁটার কথা, সেটি দখল করে রেখেছে বিভিন্ন স মিলের (করাতকল) মালিক ও বালুর ব্যবসায়ীরা। এতে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া-আসা করে। তিনি অভিযোগ করেন, মহাসড়কের জায়গা দখল করে এ ধরনের ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও এ নিয়ে সওজ বিভাগের কোনো মাথাব্যথা নেই।ছমিরমুন্সীর হাটের পশ্চিম পাশসংলগ্ন স্থানের বালু ব্যবসায়ী মো. নূরুজ্জামান বলেন, ‘মহাসড়কের পাশের জায়গা দখল করে অনেকেই দোকানপাট তৈরি করে ভাড়া দিয়েছেন। আমি তা না করে সড়কের পাশের সামান্য খালি জায়গায় বালু রেখে টুকটাক ব্যবসা করছি। আমি অবৈধ হলে সবাই অবৈধ।’ তবে বালু রাখার কারণে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে দাবি করেন তিনি।জানতে চাইলে নোয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কান্তি ভট্টাচার্য মহাসড়কের পাশের জায়গা দখল করে অবৈধভাবে বালু, ইট ও কাঠের ব্যবসার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, এসব অবৈধ দখল উচ্ছেদ করে যানবাহন চলাচল নির্বিঘ্ন করা দরকার। কিন্তু এ কাজটি তাঁর একার পক্ষে সম্ভব নয়। বিষয়টি তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির পরবর্তী বৈঠকে উত্থাপন করবেন বলে আশ্বাস দেন।