নোয়াখালী বিএনপি দ্বিধাবিভক্ত, পাল্টাপাল্টি কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটিতে পছন্দের প্রার্থী রাখা না-রাখা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নোয়াখালী জেলা বিএনপি। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ।দলীয় সূত্র জানায়, গত ৩০ জুলাই শাহ মোহাম্মদ আবু জাফর উল্লা রাশেলকে আহ্বায়ক ও আবদুল করিম মুক্তাকে যুগ্ম আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক দলের ১৪ সদস্যের জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। এ নিয়েই মূলত দ্বন্দ্ব শুরু। দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি দিলে এ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের সমর্থকেরা। দেড় সহস্রাধিক নেতা-কর্মী ওই কর্মসূচিতে অংশ নেন। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীরের সভাপতিত্বে সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া, নোয়াখালী শহর বিএনপির সহসভাপতি সহিদুল ইসলাম, যুবদলের নেতা ভিপি জসিম, শওকত আলী, জেলা ছাত্রদলের সভাপতি নূরুল আমিন খান, সাধারণ সম্পাদক সাবের আহম্মদ প্রমুখ বক্তব্য দেন। একই দিন দুপুর পৌনে একটায় শহরে পৃথক মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের সমর্থকেরা। সেখানে সহস্রাধিক দলীয় নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, সুধারাম থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব, পৌর বিএনপির সহসভাপতি আবদুল মালেক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, করিম হোসেন, নোয়াখালী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেল প্রমুখ বক্তব্য দেন।এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় কমিটি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে জানানো হয়নি। এ কারণে নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি দিতে আমাকে বাধ্য করে।’ তবে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান বলেন, ‘কমিটি করেছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে যদি কারও দ্বিমত থাকে, তাহলে কেন্দ্রীয় কমিটিকে জানাতে পারে।’