নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে এক শিক্ষার্থীকে। গতকাল সোমবার বিকেলে ক্যাম্পাসের হাজী ইদ্রিস মিলনায়তনের পাশের পার্কে এ হামলার ঘটনা ঘটে। আহত রাশেদ তপুকে (২৩) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এক যুবক রাশেদকে ফোন করে হাজী ইদ্রিস অডিটরিয়ামের পাশের পার্কে যেতে বলেন। তিনি সেখানে যাওয়ার পর চার-পাঁচ যুবক তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় তাঁর চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান গতকাল রাত সোয়া আটটায় প্রথম আলোকে বলেন, কারা কী কারণে রাশেদকে হামলা করেছে, তা এখনো জানা যায়নি। সুস্থ হওয়ার পর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলবেন তাঁরা।