নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও অপর তিন ছাত্রকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আরও ১২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১২তম সভায় এসব সিদ্ধান্ত হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, রিজেন্ট বোর্ডের ওই সিদ্ধান্ত গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানোর পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর বাড়ির ঠিকানায় এ সংক্রান্ত চিঠি ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া তিন ছাত্র হলেন এসিসিই বিভাগের তৃতীয় ব্যাচের আবদুল মাজেদ ভূঁইয়া, মিসকাতুর রহমান ও সিএসটিই বিভাগের ওমর ফারুক। যে তিনজনকে জরিমানা ও সতর্ক করা হয়েছে তাঁরা হলেন সিএসসিই বিভাগের ছাত্র মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের নুরুল আফসার ও সিএসটিই বিভাগের সুজিত পাল।সূত্র জানায়, গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুস সালাম ছাত্রহলের সিট দখলের ঘটনার জের ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামধারী দুই দল ছাত্রের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের ওই সভায় ১৮ সদস্যের ১০ জন উপস্থিত ছিলেন।যোগাযোগ করলে উপাচার্য সাঈদুল হক প্রথম আলোর কাছে রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্তের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয় রয়েছে। তাঁরা দলীয় কার্যক্রমের বাইরেও অনেক অনৈতিক কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে।