নোয়াখালী বিদ্যুৎ বিতরণ বিভাগ ১৫৭ পদের ১০০টিই শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নোয়াখালী বিতরণ বিভাগে কর্মকর্তা-কর্মচারীর ১৫৭টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৫৭ জন। নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীসহ কর্মকর্তাদের বেশির ভাগ পদই শূন্য। এ ছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলীও সিবিএ আন্দোলনের মুখে এক সপ্তাহের বেশি সময় ধরে কার্যালয়ে আসছেন না। এতে বেহাল অবস্থা বিরাজ করছে কার্যালয়টিতে। এ অবস্থায় প্রায় ৩৬ হাজার গ্রাহক ন্যূনতম সেবাও ঠিকমতো পাচ্ছেন না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিউবোর নোয়াখালী বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পদটি গত ১৩ আগস্ট থেকে শূন্য। ওই পদে লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি এখানে তেমন একটা আসেন না। উপবিভাগীয় প্রকৌশলী, সহকারী পরিচালক (বা.পা.), সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর ১৫টি পদের মধ্যে ১০টিই শূন্য।শহরের প্রধান সড়কের পাশের ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, লাইনে কোনো সমস্যা হলে কার্যালয়ে গিয়ে বারবার ধরনা দিলেও মেরামত হয় না। বিল-সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য হয়রানির শিকার হওয়ায় অনেকেই বাধ্য হয়ে অনিয়ম মেনে নেন।বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) নোয়াখালীর সভাপতি নাজিমউদ্দিন বাবুল বলেন, কর্মকর্তা-কর্মচারীর সংকটে কার্যালয়টি কার্যত পঙ্গু হয়ে পড়েছে। অন্যদিকে, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চলছে। এতে চরম অচলাবস্থা চলছে নোয়াখালী বিদ্যুৎ বিভাগে।জানতে চাইলে জনবলসংকটের কথা স্বীকার করেন ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (লক্ষ্মীপুর) শাহদাত আলী। তিনি বলেন, নোয়াখালী বিতরণ বিভাগ অনেক বড়। এখানে এত কমসংখ্যক জনবল দিয়ে কাজ করা খুবই কঠিন। বিষয়টি দাপ্তরিকভাবেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করা হয়েছে।