নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে মানববন্ধন
ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ গঠনের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্য মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার বিভিন্ন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গতকাল রোববার সকাল ১০টা থেকে জেলা শহরের জজ কোর্ট সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করে কুমিল্লার একটি ইউনিয়ন ‘ময়নামতি’ নামে বিভাগ ঘোষণা মেনে নেওয়া যায় না। নোয়াখালীর ভাষাগত বৈশিষ্ট্য বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে কুমিল্লা ও চাঁদপুর জেলা পর্যন্ত বিদ্যমান। নোয়াখালী জেলার সঙ্গে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক ও রেলপথে যোগাযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি কাজী মানসুরুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, আখতারুজ্জামান আনছারী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্য মঞ্চের নেতারা।