নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে জেলার সোনাইমুড়ী বাইপাস সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ, সোনাইমুড়ী শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা শ্রেণি-পেশার মানুষ সোনাইমুড়ী বাইপাস সড়ক এলাকায় সমবেত হতে থাকেন। বেলা ১১টায় উপস্থিত লোকজন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বাইপাস সড়কে মানববন্ধন এবং সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হন।
বক্তারা রাজধানীর কাছের জেলা কুমিল্লাকে বিভাগ না করে ১৮০ কিলোমিটার দূরের নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান।
প্রায় ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিভাগ বাস্তবায়ন পরিষদের উপজেলা শাখার উপদেষ্টা খলিলুর রহমান, আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্যসচিব বেলাল হোসেন, সোনাইমুড়ী পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া, ব্যবসায়ী নুরুল ইসলাম প্রমুখ।