নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে পৃথক মেয়াদে বহিষ্কার, দুজনকে জরিমানা ও দুজনকে সতর্ক করা হয়েছে। শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ওই সভায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের শাস্তি মওকুফ করা হয়। বিভিন্ন অভিযোগের শাস্তিস্বরূপ তাঁদের বিভিন্ন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। তাঁরা হলেন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের আরিফুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জাবেদ হোসেন ও হুমায়ুন কবির। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ছাত্র হল, শিক্ষকদের মাইক্রোবাস ও শিক্ষার্থীদের বাসে ব্যাপক ভাঙচুর চালান ছাত্রলীগ নামধারী একদল শিক্ষার্থী। ওই ঘটনার পর ২ জানুয়ারি শৃঙ্খলা কমিটির বৈঠকে ছয় ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার এবং ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মঞ্জুরুল আলম ও ত্রিপাটি চাকমা এক বছরের জন্য এবং একই বিভাগের আনিছুল ইসলাম ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিনয় রায় ও অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সজীব রায়হানকে এক হাজার টাকা জরিমানা এবং একই বিভাগের একই বর্ষের মাহমুদুর রহমান ও আমির হামজাকে সতর্ক করা হয়েছে। তা ছাড়া এসব শিক্ষার্থীকে ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির সুযোগ না দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় ১৮ সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার জানান, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত শিগগিরই অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী ঠিকানায় চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।