নোয়াখালী ম্যাটসে ছাত্রদের দুই পক্ষের মারামারি, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ের (ম্যাট্স) ডাইনিংয়ে খাবার নিয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে মারামারি ও আবাসিক হলে ভাঙচুর হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।মারামারির ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন ছাত্র আহত হন। তাঁরা হলেন: আনোয়ার জাহিদ (২০), মিঠুন দেবনাথ (২১), ইকবাল বাহার (২১) ও সবুজ কুমার সাহা (২১)। আহত ছাত্রদের রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার ম্যাট্স কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকে। বৈঠকে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ম্যাটেসর জ্যেষ্ঠ শিক্ষক সালাউদ্দিন শরীফকে কমিটির আহ্বায়ক করে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ম্যাটেসর ডাইনিংয়ের দায়িত্ব পালন নিয়ে তৃতীয় বর্ষের ছাত্র মিঠুন ও ইকবালের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর একপর্যায়ে ইকবালের পক্ষ হয়ে ১৫-১৬ জনের একদল ছাত্র অতর্কিতে জাহিদ ও মিঠুনদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। ম্যাটেসর অধ্যক্ষ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দুই পক্ষকেই ডেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।