নোয়াখালী রামগতি বরুড়ায় অগ্নিকাণ্ড, ২০ দোকান ছাই
লক্ষ্মীপুরের রামগতি, কুমিল্লার বরুড়া ও নোয়াখালীতে গত শনি ও রোববার অগ্নিকাণ্ডে ২০টি দোকান, একটি ঘর ও একটি অটোরিকশা পুড়ে গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ এলাকায় গত রোববার বিকেলে আগুনে একটি ঘর ও নয়টি দোকান ভস্মীভূত হয়েছে। ওই সময় তেলের ড্রাম বিস্ফোরণে ১০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বেলাল হোসেন, দিদার উদ্দিন, মঞ্জুর আলম ও মজিবুল হককে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের রামগতি সাবস্টেশনের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বরুড়া (কুমিল্লা): কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের আদমসার বাজারে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। রাত সাড়ে ১২টার দিকে বাজারের ইউনুছ মিয়ার দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার বেশি।নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর হোসেন মার্কেটে এবং কবিরহাট উপজেলার কালা মিয়ার পোল এলাকায় শনিবার রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ওই মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ুমুহূর্তের মধ্যে তা পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দোকান দুটির অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর সময় আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।দমকল বাহিনীর মাইজদী ও চৌমুহনী স্টেশনের কর্মীরা এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অন্যদিকে রাত একটার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালা মিয়ার পোল এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাত পৌনে দুইটার দিকে মাইজদী থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।