নোয়াখালী শহরে গ্যাসের তীব্র সংকট, দুর্ভোগ
নোয়াখালী শহরের দত্তেরহাট, সোনাপুর ও পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। প্রায় দুই বছর ধরে একই অবস্থা বিরাজ করলেও এ নিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির স্থানীয় কার্যালয়ের কোনো পদক্ষেপ নেই। ফলে এলাকাগুলোর প্রায় দুই হাজার গ্রাহক প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।শহরের ওই এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, গৃহিণীরা গ্যাস না থাকায় বাসার বাইরে মাটির চুলায় রান্না করছেন। যাঁরা মাটির চুলায় রান্নায় অভ্যস্ত নন, তাঁদের কষ্ট সবচেয়ে বেশি। বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল নয়টার আগেই লাইনে গ্যাসের সরবরাহ কমতে থাকে। ঘণ্টা খানেকের মধ্যে গ্যাস একেবারেই বন্ধ হয়ে যায়। আসে বিকেল তিনটার পর। আবার কোনো কোনো দিন সন্ধ্যা পর্যন্তও গ্যাসের সরবরাহ থাকে না।পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, একেবারে সকালে, না হয় বিকেলে রান্না করতে হয়। বাড়িতে মেহমান এলে বিব্রত হতে হয়।শহরের কাঠপট্টি এলাকার গৃহিণী শাহিদা সুলতানা বলছিলেন, ‘বাদ্য অই মাটির চুলাত রান্দি। দাইরবা (লাকড়ি) কিনতাম যাই বেশি দন লাগে।’একই এলাকার আরেক গৃহিণী রহিমা খাতুন জানান, ‘গত প্রায় দুই বছর গ্যাস দিয়ে তেমন রান্না করতে না পারলেও নিয়মিতই বিল দিতে হচ্ছে।’বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, মূল সরবরাহ লাইনে এমনিতেই গ্যাসের চাপ আগের মতো আর নেই। তা ছাড়া যে লাইনটি থেকে ওসব এলাকায় বাসাবাড়িতে শাখা লাইন গেছে সেগুলো অপেক্ষাকৃত চিকন হওয়ায় ঠিকমতো গ্যাসের চাপ পাওয়া যায় না।সূত্র জানায়, এই সমস্যার কারণে ওই এলাকার প্রায় দুই হাজার গ্রাহকের চাহিদা পূরণের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। সমস্যা সমাধান করতে হলে লাইনের সংস্কারের পাশাপাশি জরিপ করে প্রয়োজনে নতুন করে লাইন বসানো হতে পারে।কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল আলম প্রথম আলোকে জানান, ‘কিছুদিন আগে এক গ্রাহক এসে গ্যাসসংকটের কথা তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। এর আগে তিনি বিষয়টি জানতেন না।’ এক প্রশ্নের জবাবে ডিজিএম বলেন, ‘এলাকার কিছু গ্রাহক একসঙ্গে আমাদের লিখিতভাবে বিষয়টি জানালে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’