নোয়াখালী শহরে জলাবদ্ধতা নাগরিকদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিপাতে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের প্রধান সড়ক ছাড়া বেশির ভাগ সড়কই পানির নিচে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে নাগরিকেরা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়া টানা বৃষ্টি হলেই শহরবাসীর দুর্ভোগ দেখা দেয়। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় ও জজকোর্টের সামনের সড়ক, বড়সমজিদ সড়ক এবং মাস্টারপাড়া, মাইজদীবাজার, সরকারি আবাসিক এলাকার প্রায় সব সড়কই জলমগ্ন। পানি উঠেছে অনেক বাসাবাড়ির আঙিনাতে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের মাস্টারপাড়ার বাসিন্দা কবির হোসেন বলেন, ‘শহরে ড্রেনেজ-ব্যবস্থা বলতে কিছু নেই। প্রধান সড়কের পাশে একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও শেষ না হওয়া এবার দুর্ভোগ আরও বেড়ে গেছে।’সরকারি আবাসিক এলাকার বাসিন্দা ফেরদৌস আক্তার বলেন, ‘ড্রেনের কোনো ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই আবাসিক এলাকার রাস্তাগুলো ডুবে যায়। সুয়ারেজের ট্যাংকগুলো উপচে পড়ে বৃষ্টির পানির সঙ্গে একাকার হয়ে যায়, বাসা থেকে বের হওয়ারও উপায় থাকে না।’নোয়াখালী সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার বলেন, ‘বৃষ্টিতে সড়কে পানি ওঠায় রিকশাচালকেরাও ভাড়া হাঁকেন দ্বিগুণের বেশি। তাই বাধ্য হয়ে জামে মসজিদ সড়কের ময়লা-আবর্জনাযুক্ত পানি মাড়িয়ে কলেজে যেতে হয়।’ পৌরসভা সূত্রে জানা গেছে, ১৭ দশমিক ১১ বর্গকিলোমিটার আয়তনের নোয়াখালী পৌরসভার পানি নিষ্কাশনের জন্য মাত্র ১০ কিলোমিটার ড্রেন রয়েছে। কাঁচা খাল রয়েছে প্রায় ৩০ কিলোমিটার। কিন্তু ড্রেনগুলোর বেশির ভাগই ভরাট হয়ে আছে। চলতি বছর ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, কাজ শেষ হলে জলাবদ্ধতা সমস্যা কমে যাবে। পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ প্রথম আলোকে বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে এরই মধ্যে ২০ কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন চলছে। কাজ শেষ হলে সমস্যা অনেকটা দূর হবে। তবে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারাই জলাবদ্ধতার জন্য দায়ী। কারণ কেউই বাড়ি করার সময় পানি নিষ্কাশনের পথ রাখেন না। শহরবাসী সচেতন না হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।