নোয়াখালী শহরে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে নাগরিক ভোগান্তি
নোয়াখালী শহরের ব্যস্ততম এলাকাগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানো-নামানোর কারণে সাধারণ পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।একাধিক স্থানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গাড়ি পার্কিং নিষিদ্ধ করে সাইনবোর্ড টাঙানো হলেও যানবাহনের চালকদের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ফলে ভোগান্তির মাত্রা দিন দিন বেড়ে চলছে।সরেজমিনে দেখা যায়, শহরের অন্যতম একটি এলাকা হাসপাতাল সড়কের মাথা। এখানে প্রায় ২০০ গজের মধ্যে রয়েছে সুধারাম থানা, সহকারী পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়, নোয়াখালী পৌরভবন এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আঞ্চলিক কার্যালয়। যার কারণে এখানে সব সময় লোকজনের সমাগম থাকে। পথচারী ও যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে হাসপাতাল সড়কের মাথায় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ‘গাড়ি পার্কিং নিষেধ’ লিখে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। কিন্তু প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতাল সড়কের মাথা, সোনালী ব্যাংক, সহকারী পুলিশ সুপারের কার্যালয় এবং সোনালী ও জনতা ব্যাংকের সামনের ফুটপাতে গাড়ি পার্কিং ও যানবাহন থেকে যাত্রী ওঠানামা করা হয়।শহর ঘুরে দেখা যায়, শুধু হাসপাতাল সড়কের মাথা নয়; শহরের মোহামঞ্চদীয় মোড় (কোর্ট বিল্ডিংয়ের মাথা), টাউন হল মোড়, জেলা জামে মসজিদ মোড়, দত্তেরহাট বাজার ও সোনাপুর এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামা করার কারণে সাধারণ নাগারিক, পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়।শহরের হাউজিং এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশ কিছু দূরপাল্লার বাস, লোকাল বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক ট্রাফিক আইন না মেনে যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করায় সাধারণ মানুষের ভোগান্তি সব সময় লেগে থাকে।কলেজছাত্র মো. আরিফ জানান, শহরের বিভিন্ন মোড়ে যে কয়জন ট্রাফিক পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তাঁরা দায়িত্বপালনে সজাগ হলে পথচারীদের দুর্ভোগ আরও কম হতো। নোয়াখালী ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. আনিছুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ট্রাফিক পুলিশের কাজ হলো যানবাহনের চালক, হেলপার ও জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে বিভিন্ন জায়গায় যানবাহন পার্কিং না করার জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে এবং লিফলেট বিতরণ করা হয়েছে চালকদের মধ্যে। এর পরও যাঁরা আইনভঙ্গ করছেন, তাঁদের বিরুদ্ধে ট্রাফিক আইনে প্রতিদিনই ব্যবস্থা নেওয়া হয়।’