নোয়াখালী শহরের ৬৫ শতাংশ সড়ক বেহাল
নোয়াখালী শিল্পকলা একাডেমীর সামনের সড়ক দিয়ে চলার পথে পার্শ্ববর্তী লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা হামিদুল ইসলাম সড়কের দুরাবস্থ দেখে আক্ষেপ করে বলেন, ‘এই শহরের রাস্তাঘাটগুলোর দেখার বুঝি কেউ নেই? বছরের পর বছর পার হয়ে যাচ্ছে জেলা শহরের বুকের ওপর এই সড়কগুলোর একই অবস্থা দেখে আসছি। কারও কোনো মাথাব্যথা নেই সড়কগুলো নিয়ে।’শুধু হামিদুল ইসলামের একার নয়, এমন আক্ষেপ ও হতাশা নোয়াখালী শহরের বেশির ভাগ বাসিন্দার। শহরের প্রধান সড়কটি ছাড়া বেশির ভাগ সড়কই এমন বেহাল, যেগুলো দিয়ে রিকশা কিংবা অন্য যানবাহনে চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও দুষ্কর।শহরের মাস্টারপাড়ার বাসিন্দা কলেজছাত্র মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি গত প্রায় ছয় বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন, কখনো দেখেননি ওই এলাকার কোনো সড়কের সংস্কার হতে। এর মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে সড়কগুলোর অবস্থা আরও শোচনীয়।সম্প্রতি শহরের মাস্টারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর, ফকিরপুর, সেন্ট্রাল রোড, রশিদ কলোনি, জজকোর্ট, শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সব কয়টি সড়কেরই করুণ অবস্থা। কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে একেকটি সড়কের গর্ত যেন মরণ ফাঁদ। এর পরও বাসিন্দারা কষ্ট ভোগ করে যাতায়াত করছেন।নোয়াখালী পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে ৯০ কিলোমিটার পাকা সড়ক, ৬০ কিলোমিটার আরসিসি, ৯০ কিলোমিটার সলিং এবং ৫০০ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এসব সড়কের প্রায় ৬৫ ভাগই খারাপ। বাকিগুলো মোটামুটি ভালো। প্রয়োজনীয় সরকারি বরাদ্দ না থাকায় খারাপ সড়কগুলোর অবস্থা দিনদিন আরও খারাপ হচ্ছে। পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, উন্নয়ন খাতে প্রতিবছর সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া যায় মাত্র ৮০ লাখ টাকা। কিন্তু নোয়াখালী পৌরসভার একেকটি সড়ক মেরামত করতেই প্রয়োজন কোটি টাকা। তা ছাড়া বিশেষ কোনো বরাদ্দও সরকারের কাছ থেকে পাওয়া যায় না। এতে ইচ্ছা থাকার পরও পৌরসভার সড়ক যোগাযোগ-ব্যবস্থার উন্নয়ন করা যাচ্ছে না।