নোয়াখালীতে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার সল্লা মৌজার সিরাজের দোকান এলাকার মিরন মার্কেটে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। গত সোমবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে মার্কেটের উত্তর পাশের সোহাগের কনফেকশনারির ভেতর থেকে আগুন দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা এসে চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়।খবর পেয়ে জেলা শহর মাইজদী থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে মার্কেটের একটি কনফেকশনারি, দুটি মুদির দোকান ও গুদাম, একটি ফার্মেসি ও একটি চায়ের দোকান ভস্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত মুদির দোকানদার আবদুল মমিন দাবি করেন, আগুনে শুধু তাঁরই ক্ষতি হয়েছে অন্তত ২৫ লাখ টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ হবে প্রায় অর্ধকোটি টাকা।