নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালী স্লুইচ বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। পূর্ব চরবাটা ইউনিয়নের (ইউপি) সাবেক সদস্য জামালউদ্দিন গাজী প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর বাজারের ছেরাজুল হকের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মুদি, ওষুধ, কাপড় ও আসবাবপত্রের দোকানসহ ২২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন ও সাহাবউদ্দিন বলেন, প্রায় দেড় ঘণ্টা স্থায়ী অগ্নিকাণ্ডে প্রায় পুরো বাজারই পুড়ে গেছ। এতে বাজারের ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, সুবর্ণচর উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন নেই। জেলা শহর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এই এলাকায় আসতে কমপক্ষে এক ঘণ্টা সময় লাগে। এ কারণে অগ্নিকাণ্ডে সুবর্ণচরে অনেক ক্ষয়ক্ষতি হয়। ব্যবসায়ীরা সুবর্ণচরে ফায়ার সার্ভিসের স্টেশন প্রতিষ্ঠার দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মেহেদী হাসান বলেন, ‘তিনি ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেছেন। এ সময় সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে প্রাথমিকভাবে দুই মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।’ তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।