নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৪টি প্রতিষ্ঠান পুড়ে গেছে
নোয়াখালী শহরে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে একটি আবাসিক হোটেলের আংশিকসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জামে মসজিদ মোড়ের আরজু সাইকেল মার্ট নামের একটি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল আল মোর্শেদ ও মদিনা গার্ডেন, আবদুল্লা মাইক সার্ভিস নামের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাইজদী কোর্ট স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আরজু সাইকেল মার্টের মালিক মো. সেলিম সাংবাদিকদের বলেন, আগুনে তাঁর গুদামে থাকা প্রায় ২০ লাখ টাকার নতুন সাইকেল, টায়ার ও মালামাল পুড়ে গেছে। অন্যদিকে অগ্নিকাণ্ডে মদিনা গার্ডেনের পাঁচ লাখ টাকার, আবদুল্লা মাইক সার্ভিসের প্রায় দুই লাখ টাকার এবং হোটেল আল মোর্শেদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানগুলোর মালিকেরা দাবি করেছেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে তাঁদের কর্মীরা ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে আশপাশের অন্তত ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।