নোয়াখালীতে অনুসন্ধান কূপ খনন করছে বাপেক্স, গ্যাস পাওয়ার সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুরে সুন্দলপুর ভূ-কাঠামোতে গ্যাস অনুসন্ধান কূপ খনন করছে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স। কূপ খননের জন্য রিগ স্থাপনসহ আনুষঙ্গিক সব কাজ সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই খননকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক।এর আগে ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে বাপেক্স সর্বশেষ অনুসন্ধান কূপ খনন করেছিল। আর বিদেশি কোম্পানির মধ্যে আইরিশ কোম্পানি তাল্লু ২০০৪ সালে কুমিল্লার বাঙ্গুড়ায় সর্বশেষ গ্যাস পেয়েছিল। সুন্দলপুর ভূ-কাঠামোয় গ্যাস পাওয়ার সম্ভাবনা সম্পর্কে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তূজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, এই ক্ষেত্রটির ভূ-কাঠামোর সঙ্গে বেগমগঞ্জ গ্যাস ক্ষেত্রের কাঠামোর অনেক মিল আছে। আশা করি, সুন্দলপুরেও গ্যাস পাওয়া যাবে। ২০০৮ সালে পরিচালিত সর্বশেষ দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্য-উপাত্ত অনুযায়ী সুন্দলপুরে ৫০০ থেকে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে।প্রতিষ্ঠার ২১ বছরের মধ্যে এটি বাপেক্সের চার নম্বর অনুসন্ধান কূপ খনন। বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে ১০০ বছর আগে ১৯১০ সালে। গত ১০০ বছরে দেশে মাত্র ৮০টি কূপ খনন করা হয়েছে। অথচ দেশের বিভিন্ন ভূ-কাঠামোয় প্রচুর গ্যাসের মজুদ আছে বলে বিশেষজ্ঞরা বলছেন। দেশে জ্বালানির চাহিদাও ক্রমশ বাড়ছে। এ অবস্থায় বর্তমান সরকার গ্যাস অনুসন্ধান বাড়ানোর বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বাপেক্স আগামী এক বছরে আরও দুটি অনুসন্ধান কূপ এবং দুটি উন্নয়ন কূপ খনন করবে।