নোয়াখালীতে অপহূত স্কুলশিক্ষক ১৫ দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের অপহূত শিক্ষক নূরনবীকে অপহরণের ১৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার মুন্সীরবাড়ির দরজা থেকে তাঁকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর নূরনবীকে অপহূত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালতে তিনি অপহূত হওয়ার বিষয়ে জবানবন্দি দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাতপরিচয় একদল লোক শিক্ষক নূরনবীকে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অজ্ঞাত স্থানে তুলে নেয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে ওই দিনই কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন ওরফে মিলনসহ কয়েকজনকে আসামি করে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠায়।জানতে চাইলে অপহূতকে উদ্ধারের কথা নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, জায়গা-জমি কেনাবেচা-সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক নূরনবীর সঙ্গে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া মোশাররফ হোসেনের লেনদেন ও বিরোধ রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।