নোয়াখালীতে অবাধে জাটকা বিক্রি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালী জেলা সদর, বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারে অবাধে জাটকা বিক্রি করা হচ্ছে। একইভাবে নোয়াখালী ও লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় অবাধে জাটকা নিধন চলছে। জাটকা নিধন ও বিক্রি বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে না।রোববার সকালে জেলা শহরের সোনাপুর বাজার, পৌর মার্কেট, বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা ও শহরের বাজার ঘুরে অবাধে জাটকা বিক্রি করতে দেখা যায়। এসব বাজারে যেসব জাটকা বিক্রি করা হয় সেগুলোর আকার সর্বোচ্চ ছয়-সাত ইঞ্চি। সাত-আটটি জাটকা ওজন করলে মাত্র এক কেজি হয়। এ সময় কয়েকজন খুচরা বিক্রেতা জানান, জেলেরা নদী থেকে অবাধে জাটকা ধরছেন। সেই জাটকা আড়তদারেরা কিনে বাজারে নিয়ে আসেন। তাঁরা প্রতি কেজি জাটকা ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি করছেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আড়তদার জানান, নদী থেকে জেলেরা মাছ ধরে ঘাটে কিংবা নদীতেই বিক্রি করে দেন। সেখান থেকে জাটকা কিনে এনে তাঁরা আড়তে আনেন। তাঁরা প্রতি মণ জাটকা পাঁচ হাজার টাকায় বিক্রি করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যান ঘাট, টাঙকিরখাল ও রামগতির আলেকজান্ডার ঘাট হয়ে প্রতিদিন টনে টনে জাটকা বিভিন্ন বাজারে যায়। নদীতে মাছ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত প্রভাবশালীদের হাত থাকায় কেউ এর প্রতিবাদ করার সাহস পায় না।সম্প্রতি প্রশাসন সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে। তবে নোয়াখালীর অন্য উপজেলাগুলোতে অবাধে জাটকা বিক্রি করা হলেও সেখানে কর্তৃপক্ষের কোনো তত্পরতার খবর পাওয়া যায়নি।ভারপ্রাপ্ত জেলা মত্স্য কর্মকর্তা বিলকিছ তাহমিনা জানান, তাঁদের জনবল কম। এর পরও জাটকা নিধন ও বিক্রি বন্ধ করার জন্য তাঁরা পদক্ষেপ নেবেন এবং এ বিষয়ে জেলা প্রশাসনের সহায়তা চাইবেন। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, জাটকা বিক্রি বন্ধ করার জন্য জেলার বিভিন্ন হাটবাজারে শিগগিরই অভিযান চালানো হবে।