নোয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের পৌরবাজারে গণপূর্ত বিভাগের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর পাল অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করেন। এ সময় গণপূর্ত বিভাগের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই সম্প্রতি পৌর বাজার এলাকায় গণপূর্তের জায়গা দখল করে ৪০-৫০টি আধাপাকা ঘর নির্মাণের কাজ শুরু করে। এর মধ্যে বেশ কয়েকটি ঘর নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষকে স্থাপনা নির্মাণ করতে নিষেধ করা হলেও তারা শোনেনি।
মো. আক্তারুজ্জামান নামের এক ব্যবসায়ী বলেন, পৌর বাজারের প্রথম গলির উত্তর পাশে তাঁর একটি দোকান ছিল। গত ৩ জানুয়ারি পৌর কর্তৃপক্ষ নোটিশ দিয়ে দোকানটি ভেঙে দেয়। তখন তাঁকে জানানো হয়, পেছনের গর্তগুলো ভরাট করে ওই স্থানে দোকান নির্মাণ করা হবে এবং একটি দোকান তাঁকে দেওয়া হবে। সে অনুযায়ী তিনি একটি কক্ষ বরাদ্দ পান এবং আরও একটি কক্ষ বন্দোবস্ত নেন পৌরসভা থেকে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার প্রথম আলোকে বলেন, গণপূর্ত বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে পৌরসভা দোকানঘর তৈরি করে বরাদ্দ দেয় এবং আরও কিছু দোকান নির্মাণাধীন। এ রকম প্রায় ২০-২২টি দোকান ভেঙে দেওয়া হয়েছে।
নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, সবগুলো দোকানই পৌরসভার জায়গায় তৈরি করা হয়েছে। কিন্তু গণপূর্ত বিভাগের লোকজন কোনো আলোচনা ছাড়া পৌরসভা নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে দিচ্ছেন। তাঁর দাবি, নির্বাচনকে সামনে রেখে তাঁকে বিব্রত করতে একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে।