নোয়াখালীতে অস্ত্রের মুখে প্রবাসীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনগর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রাম থেকে ফয়েজ আহমঞ্চদ ওরফে বাবলু (৩০) নামে এক প্রবাসীকে অপহরণ করে লাখ টাকার বিনিময়ে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা।
গত রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় সাড়ে আট ঘণ্টা পর মুক্তিপণ নিয়ে রাত তিনটার দিকে বাড়ির কাছাকাছি এলাকায় এনে ছেড়ে দেয় অপহরণকারীরা। অপহূত ফয়েজ আহমঞ্চদ বৈকণ্ঠপুর গ্রামের আনছার আলীর ছেলে এবং ওমানপ্রবাসী। পাঁচ-ছয় দিন আগে তিনি দেশে আসেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
ফয়েজের ছোট ভাই নিজাম উদ্দিন ওরফে সীমান্ত প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে তাঁর ভাই বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় হাঁটছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ১০-১২ জনের একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অস্ত্রের মুখে তাঁর ভাইকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
নিজাম উদ্দিন বলেন, অপহরণকারীদের সবার মাথায় হেলমেট পরা থাকায় এবং দ্রুত সরে পড়ায় তাদের চেনা যায়নি। সন্ত্রাসীরা এ সময় দুই-তিনটি ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর তাঁরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর ভাইয়ের কোনো সন্ধান পাননি।
রাত সাড়ে ১০টার দিকে অপহরণকারীরা মুঠোফোনে তাঁর বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে এবং ঘটনা নিয়ে থানা-পুলিশের কাছে না যাওয়ার জন্য সতর্ক করে। এরপর রাত তিনটার দিকে এক লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা তাঁর ভাইকে বাড়ির কাছাকাছি এলাকায় রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, স্থানীয়দের কাছ থেকে অপহরণের ঘটনা শোনার পর তাঁরা রাত তিনটা পর্যন্ত সম্ভাব্য একাধিক স্থানে অভিযান চালান। কিন্তু অপহূত ব্যক্তিকে উদ্ধার করতে পারেননি। পরে শোনেন, তাঁকে বাড়ির কাছাকাছি এলাকায় ছেড়ে দিয়ে গেছে অপহরণকারীরা।
ওসি জানান, মুক্তিপণের বিনিময়ে ছাড়া পাওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আমরা তাঁদের বলেছি ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।