নোয়াখালীতে অ্যাসিড নিক্ষেপের দায়ে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে কলেজছাত্রী সেলিনা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের দায়ে তিনজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) মো. ইসমাইল এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মো. শাহজাহান ওরফে সুনাম (২২), ইয়াছিন আরাফাত ওরফে সজীব (২০) ও মো. শরিফ ওরফে বিহারি শরীফ (২১)। তাঁদের মধ্যে শরিফ সেলিনা আক্তারের ছোট বোন ফারহানা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হিসেবে কারাগারে রয়েছেন। অপর দুই আসামি পলাতক।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ৩০ এপ্রিল দিবাগত রাতে সদর উপজেলার মতিপুর গ্রামে বসতঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ মানবিক শ্রেণীর তৎকালীন ছাত্রী সেলিনা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন ওই তিন ব্যক্তি। এ ঘটনায় সেলিনার মা মাজেদা খাতুন তিনজনের নাম উল্লেখ করে সুধারাম থানায় মামলা করলে পুলিশ শরিফকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। বাকি দুজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান একই বছর ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সূত্র জানায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে সেলিনার ছোট বোন ফারহানাকে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটেরা। এতে বাধা দিলে ২০১০ সালের ১৫ জুন বখাটেরা ঘরে ঢুকে ফারহানার ওপর অ্যাসিড নিক্ষেপ করে। ওই মামলায় প্রধান সাক্ষী হিসেবে সেলিনা আদালতে সাক্ষ্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ২০১২ সালের ৩০ এপ্রিল ভোররাতে সেলিনার ওপর অ্যাসিড ছুড়ে মারে।