নোয়াখালীতে আ.লীগ ও যুবলীগের মারামারি, আহত ৭
পূর্ববিরোধের জের ধরে নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: আওয়ামী লীগের আবুল কাশেম (৫০) ও মো. ইউছুফ (২১) এবং যুবলীগের মো. মামুন (৩২), মো. সালাউদ্দিন (২৮)। আহত বাকি তিনজন এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবেরহাট-ঢাকা সড়কে চলাচলরত যাত্রীসেবা বাসের টিকিট বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা আবুল কাশেমের সঙ্গে স্থানীয় যুবলীগের সালাউদ্দিন ও মামুনের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত দুই মাস আগে সালাউদ্দিন ও মামুন লোকজন নিয়ে আবুল কাশেমকে মারধর করে। ওই ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে সালাউদ্দিন ও মামুনের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ওই মামলা নিয়ে বাদী-বিবাদীর মধ্যে কথা-কাটাকাাটির একপর্যায়ে প্রথমে হাতাহাতি, পরে মারামারিতে রূপ নেয়।