নোয়াখালীতে আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাশেমকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে হাশেমের বাবা আবু ছায়েদ সুধারাম থানায় এ মামলা করেন।
গত শনিবার দিবাগত রাতে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আবুল হাশেমের পেটে ও বুকে গুলি করে পালিয়ে যায়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলায় একই এলাকার আবদুল মোমেনসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মোমেন এর আগে নারী নির্যাতনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহত আবুল হাশেমের ছোট ভাই মো. জহির বলেন, গত ২৮ ফেব্রুয়ারি এলাকার একটি নারী নির্যাতনের ঘটনায় মোমেন, তাঁর দুই ভাই ও তাঁদের সহযোগীরা জড়িত ছিলেন। এ ঘটনায় মামলার পর পুলিশ বৃহস্পতিবার রাতে মোমেনকে গ্রেপ্তার করে। তাঁর ভাই হাশেম নির্যাতিত নারীদের পক্ষ নেওয়ায় মোমেন ও তাঁর ভাইয়েরা ক্ষিপ্ত হন। তা ছাড়া একটি জায়গার মালিকানা নিয়েও তাঁদের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ আছে, যার জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছেন তিনি।