নোয়াখালীতে আ.লীগ নেতাকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলের নোয়াখোলা ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্বাঞ্চল) যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ ওরফে রিপনকে (৩৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের সিংবাড়ুয়া এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। আবু হানিফ নোয়াখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রাসেল ওরফে কালা রাসেল নামে (২৫) ছাত্রলীগের এক কর্মীকে গতকাল মঙ্গলবার দুপুরে আটক করেছে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে বেলা সাড়ে তিনটার দিকে রাসেলের সহযোগীরা উপজেলা সদরে গাড়ি ও দোকানপাটে হামলা-ভাঙচুর চালায়। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা দুটি বাস ও কমপক্ষে ১৫টি দোকানে ভাঙচুর চালায়। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী ও বাসমালিকেরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সাড়ে পাঁচটায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা আবু হানিফ সিংবাড়ুয়া এলাকার একটি দোকানে বসা ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত পরিচয় চারজন দুর্বৃত্ত এসে অস্ত্রের মুখে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান। রাতভর পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আওয়ামী লীগের অপহূত নেতার সন্ধান পায়নি।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার আবু হানিফের স্ত্রী ফাতেমা বেগম চাটখিল থানায় অপহরণের মামলা করেন। মামলার পর বাদী পক্ষের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে ছাত্রলীগের কর্মী রাসেলকে আটক করে পুলিশ। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পরই পুলিশ রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। ওসি জানান, এ ঘটনায় বাদী পক্ষের তথ্যের ভিত্তিতে রাসেল নামের এক যুবককে আটক করায় তাঁর সহযোগীরা বাজারে দোকানপাট ও যানবাহনে হামলা-ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।