নোয়াখালীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবেরহাট বাজারের ব্যবসায়ী আবুল কাশেমকে (৫০) গত বুধবার রাতে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। ওই দিন রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আবদুল কাশেম বলেন, দুই মাস আগে থেকে তিনি কুতুবেরহাট বাজারে একটি ডেকোরেটরের দোকানে বসে কুতুবেরহাট-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীসেবা বাসের টিকিট বিক্রি করে আসছেন। ছয়-সাত দিন আগে স্থানীয় যুবলীগ নামধারী ছালাউদ্দিন ও মামুন কয়েক সহযোগীকে নিয়ে তাঁর কাছে এসে বাসের টিকিট বিক্রি না করার জন্য চাপ দেন এবং কথা না শুনলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এর জের ধরে বুধবার রাত আটটার দিকে ছালাউদ্দিন জরুরি কথা আছে বলে টিকিট কাউন্টার থেকে তাঁকে ডেকে তরকারি বাজারের পাশে নিয়ে যান। এ সময় সেখানে ওত পেতে থাকা সাত-আটজনের একদল সন্ত্রাসী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পেটাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।