নোয়াখালীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ছমিরহাট বাজারে গত সোমবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আহত ব্যক্তিদের মধ্যে মো. পারভেজ (৩২) ও মো. মানিক (২৫) নামের দুজনের পরিচয় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে স্থানীয় ইউপি সদস্য বিএনপি ও কৃষক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন চর আমানউল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন ও পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নিজামুর রহমান।
পুলিশ জানায়, বিএনপি ও কৃষক দলের আটক দুই নেতার কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে উপজেলা কৃষক দলের সভাপতি জামালউদ্দিন গাজী গ্রেপ্তার হওয়া দুই নেতার কাছ থেকে ককটেল উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছেন।
জামালউদ্দিন অভিযোগ করেন, পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে নিয়ে ওই বাজারে অভিযান চালায় এবং এ সময় পুলিশের সামনেই ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালান। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে কোনো ককটেল উদ্ধার করেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছমিরহাট বাজারে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিএনপির কর্মীরা অবরোধের সমর্থনে বাজারে মিছিল করার পাশাপাশি বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
এরপর রাত আটটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরাও বাজারে মিছিল করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মীরা কয়েক দিন ধরে প্রতিদিনই ছমিরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন দোকানপাটে হামলা করেন। সোমবার রাতেও একই ঘটনা করার সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করে। তবে এ সময় ছাত্রলীগ কিংবা যুবলীগের কেউ তাঁদের সঙ্গে ছিলেন না।