নোয়াখালীতে আ.লীগে অস্বস্তি, তৎপর বিএনপি
বিএনপিবিহীন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নোয়াখালীর সব আসনে জয় পেলেও এবার ক্ষমতাসীন দলটির সমর্থিত প্রার্থীদের কেউই জয়ের ব্যাপারে নিশ্চিত নন। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উপজেলা নির্বাচনে মাঠে থাকায় বিএনপি এবার তাদের দুশ্চিন্তার বড় কারণ। পাশাপাশি তিন উপজেলায় আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থীও মাঠে রয়েছেন। ফলে স্বস্তি নেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের।
উপজেলা নির্বাচন ঘিরে নোয়াখালীতে বিএনপি সাংগঠনিকভাবে যতটা তৎপর আওয়ামী লীগ ততটা নয়। গতকাল বুধবার জেলার সদর উপজেলাসহ একাধিক উপজেলা ঘুরে ও বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে নোয়াখালীর নয় উপজেলার মধ্যে পাঁচটিতে আজ বৃহস্পতিবার ভোট হবে। সেগুলো হলো নোয়াখালী সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল। পাঁচ উপজেলায় মোট ভোটারের সংখ্যা নয় লাখ ৩৫ হাজার ৭৫০ জন।
আওয়ামী লীগের অস্বস্তির কথা জানালেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, পাঁচ উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে একক প্রার্থী থাকলেও নোয়াখালী সদর, চাটখিল ও সোনাইমুড়ীতে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ কারণে এসব উপজেলায় নিজেদের মধ্যেও বিভক্তি রয়েছে। সাংগঠনিক তৎপরতার বিষয়ে তিনি বলেন, সরকারি দল হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে চাওয়া-পাওয়ার নানা হিসাব থাকে। এ কারণে দলের সব নেতা-কর্মীকে এক ছাতার নিচে আনা সম্ভব হয় নয়। তার পরও এক সপ্তাহ ধরে প্রত্যেক উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সক্রিয় করা হয়েছে।
গতকালও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান দফায় দফায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। উপজেলা পর্যায় থেকে দলীয় প্রার্থীর বিভিন্ন অভিযোগ শুনেছেন। সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদকও। তাঁরা সংবাদ সম্মেলনে সেসব অভিযোগও তুলে ধরেন। নেতাদের অভিযোগ, বিভিন্ন উপজেলায় সরকারি দলের পক্ষ থেকে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তারও অভিযোগ করা হয়।
তবে জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সময় কেটেছে অন্যভাবে। তার কারণও জানা গেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিমের কাছ থেকে। তাঁর স্ত্রী কামরুন নাহার শিউলী কবিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন। দুপুরে কবিরহাটে নিজ বাড়িতে একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আমরা সরকারি দল, তাই নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করছি। গত মঙ্গলবারই আমরা নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করেছি। দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।’
বিএনপির বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে সব সময়ই দেখা যায় সরকারি দলের নেতারা সব জায়গায় একটু দাপট দেখাতে চাই। বিচ্ছিন্নভাবে হয়তো কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অনেক জায়গায় বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে সেটির দায়ও আওয়ামী লীগের ওপর চাপাচ্ছে। ভোটারদের ভয়ভীতি দেখানোর কোনো ঘটনা ঘটেনি।’