নোয়াখালীতে আ.লীগের কাউন্সিলে সহসভাপতিকে নাজেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনে দলীয় কর্মীরা অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে নাজেহাল করেছেন দলের জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মহিউদ্দিন লাতুকে। গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মহিউদ্দিন সমেঞ্চলন স্থল ত্যাগ করেন। এর আগে প্রার্থিতা বাতিল হওয়ায় সভাপতি পদপ্রার্থী দিলদার হোসেনের ক্ষুব্ধ সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বাস ভাঙচুর করে। জানতে চাইলে কর্মীরা অশ্লীল গালাগাল দিয়েছে বলে স্বীকার করেন মহিউদ্দিন লাতু। সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনে কাউন্সিলরের তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু অজ্ঞাত কারণে তালিকা থেকে তাঁর নাম কেটে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি প্রতিবাদ জানালে দলের একদল কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম দাবি করেন, ‘লাতুকে শাখার কাউন্সিলে কাউন্সিলর করা হয়েছিল। একই ব্যক্তি দুই জায়গায় কাউন্সিলর থাকতে পারেন না বিধায় উপজেলার তালিকায় তাঁর নাম ছিল না। এ জন্য তিনিই উত্তেজিত হয়েছিলেন। কিন্তু কেউ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে দেখিনি।’দলীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল শুরু হয়। ভারপ্রাপ্ত সভাপতি জাকিউল ইসলামের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈসিং। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী, সহসভাপতি মহিউদ্দিন লাতু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদের দুই প্রার্থীর মধ্যে দিলদার হোসেনের প্রার্থিতা বাতিল ঘোষণা করায় শিহাব উদ্দিন শাহীন সভাপতি নির্বাচিত হন। পরে সাধারণ সম্পাদক পদে ভোটাভোটির মাধ্যমে আতাউর রহমান নাছের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শহর আওয়ামী লীগের কাউন্সিল: এর আগে একই স্থানে শহর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে আবদুল ওয়াদুদ ওরফে পিন্টু সভাপতি ও সহিদউল্লাহ খান ওরফে সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।