নোয়াখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারে গতকাল মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: মো. ফারুক (৩৫), মো. ফাহাদ (১৯), মো. জিমু (২৬), বারিক সরকার (৬০), জালাল ভূঁইয়া (২৪) ও কবির আহমেদ (৪৮)। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহম্মদের পক্ষের নিজামুল হক ও নুরুল হক এবং বিএনপি থেকে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেওয়া এয়াছিন মেম্বারের পক্ষের মো. ইউছুফ ও আবদুর রেজ্জাক জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সকালে বাজারে একটি চা-দোকানে এয়াছিন মেম্বার ও কবির আহম্মদের লোকজন একে অপরকে উদ্দেশ করে উসকানিমূলক উক্তি করলে উত্তেজনা বেড়ে যায়।সূত্র জানায়, এর কিছুক্ষণ পর এয়াছিন মেম্বারের ভাই ফারুককে কবির আহমদের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের লোকজন চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়। খবর পেয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসআই মো. ইয়াছিন প্রথম আলোকে বলেন, ‘স্কুল ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে নিজেদের প্রার্থী বিজয়ী ও পরাজিত হওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।’ তিনি বলেন, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষের কেউই থানায় লিখিত অভিযোগ করেনি।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই নেতা বিরোধে জড়িয়ে পড়েন, যা শেষ পর্যন্ত সংঘাতে রূপ নেয়।এ ব্যাপারে বক্তব্য জানতে বিবদমান দুই পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।