নোয়াখালীতে আ.লীগের বিক্ষোভ ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীর দলের পদ থেকে অব্যাহতির আবেদনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দলের নেতা-কর্মীরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলা চালান। তাঁরা দলীয় কার্যালয় থেকে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেন।এ সময় নেতা-কর্মীরা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাংসদ একরামুল করিম চৌধুরী কার্যালয়ের সামনে এসে বক্তব্য দিলে তাঁরা শান্ত হন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গত রোববার সাংসদ একরামুল করিম চৌধুরী জেলা কমিটির পদ থেকে অব্যাহতি চেয়ে ভারপ্রাপ্ত সভাপতির কাছে লিখিত আবেদন করেন। বিষয়টি গতকাল জানাজানি হয়ে যায়। পরে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বেলা পৌনে তিনটার দিকে শহরের দত্তেরহাট এলাকায় সড়ক অবরোধ করেন। তাঁরা তিনটার দিকে জেলা জামে মসজিদের মোড়, সোনাপুর, দত্তেরহাট, টাউনহল মোড়, মাইজদী বাজার এলাকায়ও সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা প্লাস্টিকের চেয়ার-টেবিল ও অন্যান্য জিনিসপত্র বের করে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। বিকেল চারটার দিকে দলের জ্যেষ্ঠ নেতা ও পুলিশের সহায়তা নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।এদিকে কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করে কোম্পানীগঞ্জ-কবিরহাট-সোনাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সাংসদ একরামুল করিম চৌধুরী দলীয় কার্যালয়ের সামনে আসেন। এ সময় তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গত ২৩ মার্চ ঢাকায় মেয়ের বিয়ে অনুষ্ঠানে তাঁর সঙ্গে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ব্যবহার করেন। তিনি ওই ঘটনার জন্য উচ্চমহলে বিচার চেয়েও পাননি। এ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।তবে মুঠোফোনে সাংসদ একরামুল করিম প্রথম আলোকে বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণে দলের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তিনি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আমরা সবাই দল থেকে পদত্যাগ করব।’ এদিকে সন্ধ্যা ছয়টার দিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টোকনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি প্রথম আলোর কার্যালয়ে পাঠানো হয়। তাতে উল্লেখ করা হয়, সাংসদ একরামুল করিমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ধানমন্ডি থানার ওসি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে যোগাযোগমন্ত্রী কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।এ ছাড়া গতকাল জেলা আওয়ামী লীগের জরুরি সভা হয়। সভায় ধানমন্ডি থানার ওসির বিচার এবং সাংসদের বিরুদ্ধে মিথ্যা গোয়েন্দা প্রতিবেদন প্রত্যাহার করা না হলে জেলা, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা পদত্যাগ এবং সংগঠনের সব কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, একসঙ্গে কয়েক হাজার দলীয় নেতা-কর্মী রাস্তায় নেমে পড়ায় তাঁদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়।