নোয়াখালীতে আইনজীবী ফোরামের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী মিথ্যা মামলা ও অব্যাহত খুন-গুম, অপহরণের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গতকাল বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণ পর তাঁরা সেখানে মানববন্ধন ও সমাবেশ শুরু করেন। এ সময় ফোরামের সদস্য ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়।
অংশগ্রহণকারীরা এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদসংবলিত ব্যানার ও পোস্টার বহন করেন। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নোয়াখালী জেলা শাখার সভাপতি আবদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো. তফছির হোসেন, সাবেক সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির আহমঞ্চদ ও তাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রমূলক এবং সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর দেশব্যাপী খুন-গুম ও অপহরণের রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ দেশের কোথায়ও শান্তি নেই। কারও নিরাপত্তা নেই। সরকার সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটানো ছাড়া এ দেশে শান্তি ফিরে আসবে না।