নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাহিদুল আলম ওরফে মারুফ (৩২) নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীরহাট বাজারের কলেজ রোডে এই ঘটনা ঘটে।
নিহত জাহিদুল চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি চীন থেকে পণ্য আমদানির ব্যবসা করতেন। এ ছাড়া তিনি চায়না আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান।
এলাকায় একটি ধর্ষণের ঘটনায় মামলা করতে সহায়তা করা ও সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। এ ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় মো. আজাদের বাড়িতে শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ দুটি পাইপগান ও পাইপগান তৈরির দুটি যন্ত্র উদ্ধার করেছে। আর গতকাল রোববার সকালে আজাদদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন-চার দিন আগে পার্বতীপুর এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে ধর্ষণের শিকার ওই নারীকে সহায়তা করেন জাহিদুল। আজাদ এই মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া কিছুদিন আগে সন্ত্রাসীরা জাহিদুলের বোন আছমা আক্তারের কাছে চাঁদা দাবি করেছিল।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আজাদ ও তাঁর ভাই চরপার্বতী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ওরফে এয়াছিন তাঁদের সহযোগীদের নিয়ে শনিবার সন্ধ্যার পর চৌধুরীরহাট ও আশপাশের এলাকায় সশস্ত্র মহড়া দেন। একপর্যায়ে তাঁরা চৌধুরীরহাট বাজারের কলেজ রোডসংলগ্ন জাহিদুলের বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসেন। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলিও করে।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সন্ত্রাসীদের মহড়ার পর জাহিদুল আত্মগোপন করেন। রাত আড়াইটার দিকে তিনি বাসায় ঢোকার সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এরপর পরিবারের ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।