নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৪ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে শান্তিরহাট বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৪টি দোকানঘর ও ভেতরের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে জেলা শহর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুব আলম প্রথম আলোকে বলেন, তাঁরা বিকেল ৪টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান। এরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। কিন্তু তার আগেই ১৪টি দোকান পুড়ে যায়।