নোয়াখালীতে আজ বিএনপির আধা বেলা হরতাল
নোয়াখালীতে আজ মঙ্গলবার আধা বেলা (৬ থেকে ১২) হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার জেলা শহর থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম ও সুবর্ণচর উপজেলা কৃষক দলের সহসভাপতি খায়রুল আলম সেলিমকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
গতকাল বিকেলে অবরোধের সমর্থনে জেলা শহরের জামে মসজিদ মোড় এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজারে আয়োজিত সমাবেশে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ।
জানতে চাইলে হারুনুর রশিদ হরতাল ঘোষণার কথা নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ জেলা শহর থেকে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের দুই নেতাকে বিনা কারণে গ্রেপ্তার করে। এ ছাড়া বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে ১৮-দলীয় জোটের কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। তাই এ হরতাল আহ্বান করা হয়েছে।
গতকাল শহরের পৌর বাজার এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিমকে এবং জেলা জামে মসজিদের সামনে থেকে সুবর্ণচর উপজেলা কৃষক দলের সহসভাপতি খায়রুল আলমকে গ্রেপ্তার করে সুধারাম থানার পুলিশ।