নোয়াখালীতে আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ এ এম মাহবুবউদ্দিনের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল সোমবার জেলা বিএনপি এই কর্মসূচির ঘোষণা দেয়।নোয়াখালী-১ আসনের সাংসদ মাহবুবউদ্দিনকে কারাগারে পাঠানোর আদালতের নির্দেশের খবর পাওয়ার পর বেলা দেড়টার দিকে তাঁর নির্বাচনী এলাকায় (চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার আংশিক) বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় সাত-আটটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে সমাবেশ করে হরতালের ঘোষণা দেওয়া হয়।জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান হরতাল ডাকার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, এই হরতাল কর্মসূচি পুরো জেলায় পালন করা হবে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির নেতা-কর্মীরা বেলা দেড়টার দিকে সোনাইমুড়ী বাজারে একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নোয়াখালী-কুমিল্লা সড়কের বাইপাসে পৌঁছালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সাত-আটটি যানবাহনে ভাঙচুর চালান। এ ছাড়া পাশের আসবাবপত্রের প্রদর্শনী কক্ষে ইটপাটকেল ছোড়া হয়। পরে সোনাইমুড়ীতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।মিছিল ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, কয়েকটি যানবাহনে ভাঙচুর করার খবর তিনি শুনেছেন। তবে ওই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। বিকেল পাঁচটার দিকে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের অনুসারীরা পৌর বাজারের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে হরতালের সমর্থনে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা জামে মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। পুলিশের বাধার মুখে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ নেতা-কর্মীদের হরতাল সফল করার আহ্বান জানিয়ে মিছিল সমাপ্ত ঘোষণা করেন। অন্যদিকে হরতালের সমর্থনে দুপুরে সেনবাগে ও বিকেলে জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস প্রমুখ।বেলা আড়াইটার দিকে সেনবাগ পৌর শহরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, শহরে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় মিছিল নিয়ে বের হতে দেওয়া হয়নি। এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।