নোয়াখালীতে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড
নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার ‘আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির ব্যবস্থাপনায় নোয়াখালী আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা ও ফিজিক্স অলিম্পয়াড পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে বিভাগীয় ফিজিক্স অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল হেলাল মো. মোশারফ হোসেন, ফিজিক্স অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক জান্নাতুল তাজেরীণ।
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে তিনটি শ্রেণিতে (ক্যাটাগরি) পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে বিদ্যালয়
মিলনায়তনে প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশ্নোত্তর পর্বে পদার্থবিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চৌমুহনী সরকারি এস এ কলেজের সহকারী অধ্যাপক শিহাব উদ্দিন ও নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক মো. ইউসুফ। পরে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী ৬৪ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান।