নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর বিবাদীপক্ষ সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।হামলায় বাদী মোতাহের হোসেন (৪৫) তাঁর ছোট ভাই আনোয়ার হোসেন (৩৮) আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েও হামলাকারীদের কাউকে পায়নি।কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের মোতাহের হোসেন প্রথম আলোকে জানান, একই এলাকার মোশারফ হোসেন ও ছিদ্দিকউল্লা গংদের সঙ্গে ২০০২ সালে তাঁদের ওপর হামলার ঘটনায় আদালতে মামলা চলছে। গতকাল অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে ওই মামলার যুক্তি-তর্কের দিন ধার্য ছিল।বেলা পৌনে তিনটার দিকে আদালতের কাজ শেষে মোতাহের ও আনোয়ার হোসেন আদালত থেকে বের হয়ে মোটরসাইকেলে পূর্ব পাশের ফটকের সামনে আসতে দেখে বিবাদীপক্ষের লোকজন পেছন থেকে তাঁদের ডাকে। এ সময় ফটকের সামনে দাঁড়ালে সাত থেকে আটজনের একদল সন্ত্রাসী অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা দৌড়ে বার লাইব্রেরি মিলনায়তনে গিয়ে আশ্রয় নেন।হামলার বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত বিবাদী মোশারফ হোসেনের মুঠোফোনে কল দিলে তাঁর ছেলে মিল্লাত হোসেন ফোন ধরে। এ হামলার ঘটনায় তাঁরা কেউ জড়িত ছিলেন না বলে সে দাবি করে প্রথম আলোকে বলে, ‘আমার বাবা বুড়ো মানুষ, তিনি কীভাবে হামলা করবেন?’জানতে চাইলে হামলার ঘটনা নিশ্চিত করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন ফারুক। গতকাল বিকেলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঘটনা শোনার পর তাৎক্ষণিক পুলিশের একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় বাদীপক্ষ অভিযোগ দিলে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।