নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) গ্রিড সাবস্টেশনে আবার কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিউবোর একজন লাইনম্যানসহ দুজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন লাইনম্যান মো. নাছির উদ্দিন (৪৫) ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেন (৪০)। তাঁদের জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌমুহনীর গ্রিড সাবস্টেশনের মাইজদী অংশে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভিএ লাইনে নতুন করে স্থাপন করা কারেন্ট ট্রান্সফরমার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সেটিতে আগুন ধরে যায়। এ সময় ট্রান্সফরমারের কাছাকাছি থাকা নাছির উদ্দিন ও মনির হোসেনের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়।
সূত্র জানায়, সাবস্টেশনে থাকা অস্থায়ী অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয়।
বিউবো সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে একই স্থানে কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। গতকাল একই স্থানে স্থাপন করা নতুন সিটি চালু করতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিউবোর নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, নতুন করে লাগানো ট্রান্সফরমারে হয়তো ত্রুটি ছিল। যে কারণে এমনটি হয়েছে। তিনি বলেন, নতুন ট্রান্সফরমার এনে দ্রুত স্থাপনের চেষ্টা চলছে।