নোয়াখালীতে আবেদন করেই অবৈধ ইটভাটা স্থাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটা স্থাপনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেই ভাটা স্থাপন করে ইট পোড়ানো শুরু করেছে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের নাহার ব্রিকস কর্তৃপক্ষ। সরকারিভাবে নিষিদ্ধ টিনের চিমনি ব্যবহার করা হচ্ছে ইটভাটাটিতে। ফলে ইটভাটার ধুলাবালি ও কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, সোনাপুর-থানার হাট সড়কের পূর্বপাশে গড়ে ওঠা ‘নাহার ব্রিকস’ নামের ওই ইটভাটার তিন দিকে রয়েছে বাড়িঘর। ভাটায় পরিবেশবান্ধব জিগজাগ পদ্ধতির চিমনির পরিবর্তে ব্যবহার করা হয়েছে টিনের চিমনি। পাশাপাশি জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। স্থানীয় বাসিন্দা মো. জহির বলেন, জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা গড়ে ওঠার ফলে প্রতিনিয়ত ধুলাবালি আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকে আশপাশের পরিবেশ। কিন্তু ভাটার মালিকপক্ষ এলাকায় অর্থবিত্তের মালিক হওয়ায় কেউ প্রতিবাদ করারও সাহস পান না।
ইটভাটার মালিক গোলাম কিবরিয়াকে খোঁজ করে পাওয়া যায়নি। পরে দেখা হয় তাঁর ছেলে মো. মোস্তফার সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, ইটভাটা স্থাপনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন। এখনো অনুমতি পাননি। মোস্তফা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী পরিবেশবান্ধব ভাটা স্থাপন করতে হলে এক লাখ ২৫ হাজার ইট প্রয়োজন হয়। আমরা এবার পরিবেশবান্ধব ভাটা তৈরির জন্যই ইট পোড়াচ্ছি, বিক্রির জন্য নয়। ১৫-১৬ দিন আগে পরীক্ষামূলকভাবে ভাটাটি চালু করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামান টুকু বলেন, ধর্মপুর এলাকায় ইটভাটা স্থাপনের জন্য কাউকে কোনো ধরনের পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়নি। কেউ ভাটা স্থাপন করে থাকলে বেআইনিভাবে করেছেন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, তিনি কয়েক দিন আগে লোকমুখে ওই এলাকায় একটি ভাটা স্থাপনের খবর পেয়ে খোঁজ নিয়ে জেনেছেন, ভাটাটি অবৈধভাবে করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।