নোয়াখালীতে আমন মৌসুমে ৪৩ হাজার হেক্টর জমি অনাবাদি
জলাবদ্ধতার কারণে এবার আমন মৌসুমেও নোয়াখালী জেলায় ৪৩ হাজার হেক্টরের বেশি কৃষিজমি অনাবাদি রয়ে গেছে। কয়েক যুগ ধরে এ অবস্থা বিরাজ করলেও সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় এসব জমিতে আমন ধান আবাদ করা যায়নি। জমি চাষ করতে না পারায় স্থানীয় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। এসব জমিতে আমন আবাদ করা গেলে প্রতিবছর আরও সোয়া এক লাখ টনের বেশি ধান উৎপাদন করা সম্ভব হতো বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, আমন মৌসুমে জলাদ্ধতার কারণে বেগমগঞ্জ উপজেলায় ১৫ হাজার ৬৬২ হেক্টর, সোনাইমুড়ীতে ১০ হাজার ৬৫০, চাটখিলে আট হাজার ১৫০, সেনবাগে তিন হাজার ২৮৮, কবিরহাটে দুই হাজার ৫০০ ও সদর উপজেলায় তিন হাজার ২৯২ হেক্টর জমি অনাবাদি থাকে। এসব জমি অপেক্ষাকৃত নিচু। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যে খাল রয়েছে, বর্ষা মৌসুমে সেগুলোর অধিকাংশই ভরাট হয়ে থাকে। এ কারণে এসব জমি রোপা আমন লাগানোর পুরো সময় আড়াই থেকে তিন ফুট পানির নিচে থাকে। এ জন্য এসব জমি অনাবাদি থাকে। তবে বোরো মৌসুমে এসব জমিতে ধানের আবাদ করা হয়। এ এলাকায় বোরো মৌসুমে এক লাখ ৩৯ হাজার ৩২১ টন ধান হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার মোট আবাদি জমির পরিমাণ দুই লাখ চার হাজার ২০৪ হেক্টর। চলতি রোপা আমন মৌসুমে এক লাখ ৪৯ হাজার ৭৯৬ হেক্টর জমি চাষের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে এক লাখ ৫৮ হাজার ১৬৬ হেক্টর জমিতে। জলাবদ্ধতার কারণে ৪৩ হাজার ৫৩৮ হেক্টর জমি অনাবাদি থাকে।সরেজমিন সোনাইমুড়ী, বেগমগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জলাবদ্ধতার কারণে এসব উপজেলার অনেক কৃষক জমিতে রোপা আমন লাগাতে পারেননি। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।সোনাইমুড়ী উপজেলার নদনা এলাকার কৃষক আমির হোসেন জলাবদ্ধ বিশাল মাঠ দেখিয়ে বলেন, ‘এই মাডে আরও দুই কানি জমি আছে। হানির লাই ধান লাগাইতাম হারি ন। সরকার এই দিগে খেয়াল কইরলে আঁরা কৃষকের অভাব অনেক দূর অই যাইত।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম জানান, জলাবদ্ধতার কারণে পতিত পড়ে থাকা এই বিপুল পরিমাণ জমি কী উপায়ে আবাদের আওতায় আনা যায়, তা নিয়ে তাঁরাও চিন্তাভাবনা করছেন। এ অবস্থায় বন্যাকবলিত এলাকার জন্য ইতিমধ্যে উদ্ভাবিত ব্রি-৫১ ও ব্রি-৫২ জাতের ধান এ এলাকায়ও চাষ করা যায় কি না, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান তিনি।নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, জলাবদ্ধতা নিরসন ও সেচের সুবিধার্থে সংশ্লিষ্ট উপজেলার খালগুলো খননের জন্য তাঁরা ইতিমধ্যে প্রকল্প প্রস্তাব পাউবোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন। প্রস্তাবিত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।