নোয়াখালীতে আরও এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, শ্বশুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা শহরের পশ্চিম সাহাপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে তাহমিনা আক্তার (২০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, যৌতুক চেয়ে না পেয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাহমিনার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বুধবার শহরে আরও এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়।তাহমিনার ভাই ইমাম উদ্দিন প্রথম আলোকে জানান, বছর দুয়েক আগে পশ্চিম সাহাপুরের জামাল উদ্দিন ওরফে নিজামের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বৃহস্পতিবার তাহমিনা ‘অজ্ঞান হয়ে মারা গেছে’ বলে শ্বশুরবাড়ির লোকজন তাঁদের জানান। ঘটনাস্থলে গিয়ে তাহমিনার শ্বশুরবাড়ির লোকজনের কথা শুনে ও লাশ দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তিনি ঘটনাটি সুধারাম থানায় জানান। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার চৌধুরী জানান, ওই রাতেই তাহমিনার লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এসআই আরও জানান, নিহত তাহমিনার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় শহরের হরিণায়নপুর এলাকায় আমেনা বেগম (২২) নামের আরও এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।