নোয়াখালীতে আরও ৪৭ জনের করোনা শনাক্ত, বেগমগঞ্জেই ৪৩ জন
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু বেগমগঞ্জ উপজেলাতেই শনাক্ত হয়েছেন ৪৩ জন। যাঁদের বেশির ভাগ আবার উপজেলার চৌমুহনী পৌরসভার বাসিন্দা।
জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে আজ সোমবার সকালে এ তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে নোয়াখালীতে কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪। বেগমগঞ্জ উপজেলায় আক্রান্তের মোট সংখ্যা ১০৪। গতকাল রোববার রাতে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে সিভিল সার্জনের কার্যালয়কে করোনা শনাক্তের ফলাফল জানানো হয়।
নোয়াখালীর সিভিল সার্জন মো. মোমিনুর রহমান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, জেলায় করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সিভিল সার্জন বলেন, জেলার নয়টি উপজেলার মধ্যে বেগমগঞ্জ উপজেলার অবস্থা বেশি খারাপ। জেলায় মোট আক্রান্তের প্রায় দুই-তৃতীয়াংশই সেখানে। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের অনুরোধে ইতিমধ্যে প্রশাসন সেখানে লকডাউন জোরদার করেছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাশ প্রথম আলোকে বলেন, উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। পুরো উপজেলায় আক্রান্ত ১০৪ জন হলেও ৬০ জন চৌমুহনী পৌরসভার বাসিন্দা। তিনি বলেন, এ পরিস্থিতিতে চৌমুহনী বাজারে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়ে ইতিমধ্যে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কঠোর করার বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। যার মধ্যে জেলার বেগমগঞ্জে ১০৪ জন, সদরে ১৬, কবিরহাটে ১২, চাটখিলে ১৬, সোনাইমুড়ীতে ১৩, হাতিয়ায় ৫, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ৫ ও সুবর্ণচর উপজেলায় ১ জন রয়েছেন। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।