নোয়াখালীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে সেটেলম্যান কর্মকর্তার কার্যালয়ের রায় জালিয়াতি করার মামলায় ইউনুছ নবী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার রাতে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

দুদক সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশল্যার বাসিন্দা ইউনুছ নবী সেটেলম্যান কর্মকর্তার কার্যালয়ের একটি শুনানির রায় পরিবর্তন করে ভুয়া খতিয়ান তৈরি করেন। ওই ভুয়া খতিয়ানে মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যক্তির দখলে থাকা ৩৬ শতাংশ জমি নিজের বলে দাবি করা হয়। আর এ কাজে তাঁকে সহায়তা করেন সেটেলম্যান কর্মকর্তার কার্যালয়ের রেকর্ডকিপার মংসা মারমা ও নকল লিখক শিশির দাস।

এ ঘটনায় মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে গত ৬ এপ্রিল নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নিতে সুধারাম থানাকে নির্দেশ দেন। পরে সুধারাম থানা মামলাটি দুদকে স্থানান্তর করে।

মামলার পর দুই আসামি মংসা মারমা ও শিশির দাস উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। গত রোববার জামিনের মেয়াদ শেষে তাঁরা নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে হাজির হন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান। ওই দিন রাত সাড়ে আটটার দিকে ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে অপর আসামি ইউনুছ নবীকে গ্রেপ্তার করা হয়।

দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী উপপরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেন বলেন, ইউনুছ নবীকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।