নোয়াখালীতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ, দুটি লাশ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে গত মঙ্গলবার বিকেলে গোলাম মাওলা (৫৫) নামের এক ব্যক্তিকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নিজ বাড়ি থেকে গতকাল বুধবার এক গৃহবধূর ও গত মঙ্গলবার জেলা শহরের একটি বাড়ি থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তিনটি লাশই ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান প্রথম আলোকে বলেন, তিন-চার দিন আগে প্রতিবেশীর একটি মুঠোফোন চুরির ঘটনায় কুতুবপুর গ্রামের গোলাম মাওলার এক ছেলেকে মাওলার চাচাতো ভাই মো. রফিক (৩৫) মারধর করেন। এ ঘটনা জানার পর মাওলা এ বিষয়ে রফিককে জিজ্ঞাসা করতে গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় দোকানঘর নামক স্থানে গেলে দুজনের বাগিবতণ্ডা হয়। রফিক একপর্যায়ে মাওলার গলা টিপে ধরে একটি গাছের সঙ্গে চেপে ধরেন। এর কিছুক্ষণ পর মাওলা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাওলার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রামবাসী রফিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. বাদল প্রথম আলোকে বলেন, শহরের জেলাখানা সড়কের পাশের একটি বাড়ি থেকে গত মঙ্গলবার রাত আটটার দিকে মনোয়ারা বেগম (১২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গৃহকর্তা এ কে এম সাখাওয়াত উল্লার তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় সামান্য কালো দাগ ছিল। আপাতত অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।গৃহকর্তা সাখাওয়াত বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁর স্ত্রী বাসার যে কক্ষটিতে মনোয়ারা থাকত, ওই কক্ষের জানালার পর্দার কাপড়ের সঙ্গে মনোয়ারার গলা পেঁচানো অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসা দেখতে পেয়ে তাঁকে ঘটনাটি জানান। তিনি ওই কক্ষে গিয়ে মনোয়ারার গলা থেকে কাপড়ের প্যাঁচ খুলে পুলিশে খবর দেন। গৃহকর্মী মনোয়ারার বাড়ি বেগমগঞ্জের আলীপুর গ্রামের কুরিপাড়ায়। তার মা বিবি কমলা বলেন, দেড়-দুই মাস আগে তাঁর মেয়েকে ওই বাসায় কাজে দেন। মঙ্গলবার রাতে বাসার মালিক গাড়ি পাঠিয়ে তাঁদের আসতে বলেন। এসে তাঁর মেয়ের লাশ দেখতে পান।এদিকে গতকাল বিকেল চারটার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের মইজ্জার টেকের মসজিদ-সংলগ্ন নিজ বাড়ি থেকে রোকেয়া বেগম (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।