নোয়াখালীতে এক রাতে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামে একই রাতে চার বাড়িতে পৃথক ডাকাতি সংঘটিত হয়। গত রোববার দিবাগত রাতে ওই সব ডাকাতির ঘটনায় ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সা ও মূল্যবান মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত সফিপুর গ্রামের সৌদি-প্রবাসী শরিফউল্লা ও হেদায়েতউল্লার বাড়িতে হানায় দেয়। ডাকাতেরা ঘরের লোহার ফটক ভেঙে ভেতরে ঢুকে ঘরের লোকজনকে বেঁধে লুটপাট চালায়।গৃহকর্তার ছোট ভাই আক্তারুজ্জামান রিয়াজ প্রথম আলোকে জানান, ডাকাতেরা এ সময় আলমারির তালা ভেঙে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসেট ও মূল্যবান মালামালসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।একই রাতে শুক্কুরপুরের প্রবাসী আবুল বাশার ও তাঁর বোন শামসুন্নাহারের বাড়ি থেকে ডাকাতেরা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং নলপুর গ্রামের নুরুল হুদার বাড়ি থেকে ছয় ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।জানতে চাইলে সফিপুরের ডাকাতির ঘটনা নিশ্চিত করলেও অন্য ঘটনাগুলোর কথা ঠিক নয় বলে দাবি করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার।